ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (২৩ মার্চ) তিনি জানান, মির্জা আব্বাসের শরীরের বিভিন্ন প্যারামিটারগুলো পজিটিভ সাইন দিচ্ছে। মস্তিষ্কের জটিলতা হওয়ায় সুস্থ হতে কিছুটা সময় লাগবে উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সিঙ্গাপুরে অবস্থানকারী তার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে চেয়ারে বসিয়েছেন। এটি একটি ইতিবাচক লক্ষণ এবং তিনি এখন অল্প অল্প কথা বলতে পারছেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
হাসপাতালে মির্জা আব্বাসের সাথে তার সহধর্মিনী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক অবস্থান করছেন। এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ১৩ মার্চ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার মস্তিষ্কে প্রায় চার ঘণ্টা ব্যাপী অস্ত্রোপচার করা হয়। দুই দিন আইসিইউতে থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ