তুরস্ক বা ওমানে হামলার দায় অস্বীকার করল ইরান

তুরস্ক বা ওমানে হামলার দায় অস্বীকার করল ইরান

তুরস্ক বা ওমানকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালায়নি বলে দাবি করেছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি। আজ শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

ইরানের প্রতিবেশী দেশগুলোর প্রসঙ্গে মুজতাবা খামেনি বলেছেন, পূর্বাঞ্চলের প্রতিবেশীদের সঙ্গে তেহরানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। পাকিস্তানের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশটি তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনির বিশেষ প্রিয় ছিল। তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রস্তুতির কথাও জানান।

যুদ্ধ চলাকালে প্রতিবেশী দেশগুলোতে হামলার অভিযোগ প্রসঙ্গে মুজতাবা খামেনি দাবি করেন, তুরস্ক ও ওমানের কিছু অংশে যে হামলার কথা বলা হচ্ছে, তা ইরানের সশস্ত্র বাহিনী বা প্রতিরোধ ফ্রন্টের কোনো ইউনিট পরিচালনা করেনি। তার মতে, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ তৈরির উদ্দেশ্যে এটি ইসরায়েলের একটি চাল।

এদিকে, চলতি মাসের শুরুতে পিতার উত্তরসূরি হিসেবে নির্বাচিত হওয়ার পরও মুজতাবা খামেনিকে এখনও জনসমক্ষে দেখা যায়নি। তার কোনো ভিডিও বা ছবিও প্রকাশ হয়নি; কেবল কয়েকটি লিখিত বার্তাই ইরানি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন