‘কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কাউকে সুবিধাও দেইনি’

বিদায়ী বক্তব্যে ঢাবির সাবেক উপাচার্য নিয়াজ আহমেদ

‘কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কাউকে সুবিধাও দেইনি’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপাচার্যের কার্যালয়ে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কাছ থেকে তিনি এই দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব হস্তান্তর শেষে এক বিদায়ী বক্তব্যে অধ্যাপক নিয়াজ আহমেদ খান দাবি করেন, তাঁর কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং দায়িত্ব পালনকালে তিনি কোনো নির্দিষ্ট ছাত্রসংগঠনকে সুবিধা বা অসুবিধা দেননি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপৎকালীন চ্যালেঞ্জ ও প্রশাসনিক স্থিতিশীলতা সংবাদ বিজ্ঞপ্তিতে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান তাঁর দায়িত্ব পালনের সময়কার কথা স্মরণ করে বলেন, একটি সম্পূর্ণ আপৎকালীন ও সংকটময় মুহূর্তে তিনি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই কঠিন পরিস্থিতিতে স্থগিত থাকা অ্যাকাডেমিক কার্যক্রম পুনরায় সচল করা এবং ক্যাম্পাসে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি সক্ষম হয়েছেন বলে দাবি করেন। তিনি জোর দিয়ে বলেন, পুরো সময়জুড়ে তিনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করেছেন এবং কোনো রাজনৈতিক দল বা ছাত্রসংগঠনের প্রতি পক্ষপাতিত্ব করেননি।

উন্নয়ন প্রকল্প ও র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি নিজের দায়িত্বকালের বিভিন্ন উদ্যোগ ও সাফল্যের কথা তুলে ধরে অধ্যাপক নিয়াজ আহমেদ খান আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত এবং সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এছাড়া অ্যাকাডেমিক মানোন্নয়নের ধারাবাহিকতায় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৮৪তম স্থানে উন্নীত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন