ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক, ঢাকা: সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে বেশ ইতিবাচক অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সিরিজকে ঘিরে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের দেশে ফেরার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেই তাকে ফের জাতীয় দলে দেখা যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার (১৬ মার্চ) মিরপুরে বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানান, সাকিবকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়া বেশ দ্রুততার সঙ্গেই এগোচ্ছে এবং পরিস্থিতি অনুকূলে থাকলে খুব শিগগিরই তাকে দেশে ফিরতে দেখা যেতে পারে।
গণমাধ্যমের কাছে সাকিবের ফেরার বিষয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, সাকিবকে নিয়ে আইনি ব্যাপারগুলো বেশ দ্রুততার সঙ্গে পরিচালিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সামনে তাকে দেশে ফিরতে দেখার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে তিনি কোন ফরম্যাটে এবং কতটুকু খেলবেন, তা নিয়ে নির্বাচক, টিম ম্যানেজমেন্ট, সাকিবের নিজস্ব মতামত এবং সর্বোপরি ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তের প্রয়োজন হবে। দল ও দলের স্বার্থ সবার আগে বিবেচনা করা হবে বলেও স্পষ্ট করেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সময়ের মধ্যে তার দেশে চলে আসার সম্ভাবনা রয়েছে। তিনি দলে থাকলে তা দলের জন্য অত্যন্ত ইতিবাচক এবং মূল্যবান হবে বলে মন্তব্য করেন ফাহিম।
এদিকে নিউজিল্যান্ড সিরিজের মাঝেই অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই টুর্নামেন্টে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা এবং শরিফুল ইসলামের খেলার কথা রয়েছে। তাদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার বিষয়ে ফাহিম জানান, বিসিবির নীতি অনুযায়ী দেশের সিরিজ সবার আগে। তবে জাতীয় দলের স্বার্থ অক্ষুণ্ন রেখে যতটুকু সম্ভব ছাড় দেওয়ার চেষ্টা থাকবে বোর্ডের। পিএসএল একটি ভালো প্রতিযোগিতামূলক আসর হওয়ায় সেখানে খেললে তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়বে এবং তারা আরও পরিণত হতে পারবে বলেও মনে করেন তিনি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ