‘বিএনপিকে না মানলে ফ্যামিলি কার্ড পাবে না’

‘বিএনপিকে না মানলে ফ্যামিলি কার্ড পাবে না’

পটুয়াখালী প্রতিনিধি: ‘যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না। যারা আজকের মিটিংয়ে আসেনি, তাদের ছবি তুলে রাখুন।’ পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে এমন বক্তব্য দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় বিএনপি নেতা মো. শাহ্ আলম শানু। গত বুধবার উপজেলার চরবোরহান ইউনিয়নে আয়োজিত ওই ইফতার অনুষ্ঠানের একটি ভিডিও সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়।

স্থানীয় সচেতন নাগরিকরা এ ঘটনার সমালোচনা করে বলছেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো সুবিধাগুলো সম্পূর্ণ রাষ্ট্রীয় ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ। এসব সরকারি সুবিধা কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির আনুগত্যের ভিত্তিতে বিতরণের সুযোগ নেই। এ ধরনের দায়িত্বহীন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। অন্যদিকে, স্থানীয় বিএনপির একাংশের দাবি, বক্তব্যটি হয়তো আবেগপ্রসূত অথবা খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচকদের মতে, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখ থেকে এ ধরনের বৈষম্যমূলক ও হুমকিস্বরূপ মন্তব্য একেবারেই অনভিপ্রেত।

এ বিতর্কের বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন কোনো বক্তব্য শোনেননি। তবে এমন কিছু বলা হয়ে থাকলে সেটি কোনোভাবেই বিএনপির দলীয় অবস্থান নয় বলে তিনি স্পষ্ট করেছেন। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড যোগ্যতার ভিত্তিতেই সরকারি নিয়মে দেওয়া হবে উল্লেখ করে তিনি বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখার আশ্বাস দেন। এদিকে, অভিযোগের জবাবে বিতর্কিত মন্তব্যের প্রবক্তা শাহ্ আলম শানু দাবি করেছেন, তার বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে প্রচার করা হচ্ছে। তিনি মূলত বোঝাতে চেয়েছেন—যারা সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারাই এসব সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন