যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। 

মঙ্গলবার (১৭ মার্চ) একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে ওয়াশিংটন তেহরানের কাছে এই প্রস্তাব পাঠিয়েছিল, যেখানে দ্বিপাক্ষিক উত্তেজনা কমানো ও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল।

সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান ব্যক্ত করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের আপস বা যুদ্ধবিরতি সম্ভব নয়। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে মোজতবা খামেনির প্রতি তাদের ‘আজীবন আনুগত্য’ ঘোষণা করে সকল আদেশ পালনের প্রস্তুতি নিশ্চিত করেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন যে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি এবং বাসিজ মিলিশিয়ার প্রধান গোলামরেজা সোলেইমানি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনির এই অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ করে তুলতে পারে। বিশেষ করে শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর খবর সত্য হলে ইরান আরও বড় ধরনের পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন