ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ণ
ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় রাজপথে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এ সময় উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্যাসহ স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিকেলে ভাঙ্গা পৌরসদর থেকে র‍্যালিটি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর নানা স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ।

পরে র‍্যালিটি ভাঙ্গা ফ্লাইওভারের নিচে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন