ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি এবং শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি তাদের গাণিতিক পর্যবেক্ষণের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, এ বছর আরব বিশ্বে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের হিসাব অনুযায়ী:
১৮ মার্চ (রমজানের ২৯তম দিন): ওইদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার কোনো সম্ভাবনা নেই।
১৯ মার্চ (রমজানের ৩০তম দিন): এদিন রমজান মাস পূর্ণ হবে। যদিও ভোরে নতুন চাঁদের সংযোগ ঘটবে, তবে সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান এমন থাকবে যা খালি চোখে বা সাধারণ টেলিস্কোপে দেখা প্রায় অসম্ভব হতে পারে।
২০ মার্চ (শাওয়াল মাসের প্রথম দিন): রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পরদিনই ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি।
শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির পর্যবেক্ষণ কেন্দ্রও একই মত প্রকাশ করেছে। তাদের মতে, ১৮ মার্চ চাঁদ দেখা না যাওয়ায় ১৯ মার্চ হবে রমজানের শেষ দিন। বিশেষ প্রযুক্তির মাধ্যমে ১৯ মার্চ চাঁদের ছবি ধারণের সম্ভাবনা থাকলেও সাধারণ পর্যবেক্ষণে তা ধরা পড়বে না।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি ২০ মার্চ ঈদ উদযাপিত হয়, তবে ভৌগোলিক অবস্থান অনুযায়ী সাধারণত তার পরের দিন অর্থাৎ ২১ মার্চ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা থাকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি ঘোষণা করবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ