ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, ময়মনসিংহ জেলার উদ্যোগে ‘কিশোরকণ্ঠ মেধা বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬’ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর টাউনহল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেধা বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
আয়োজক কমিটি জানিয়েছে, গত ৭ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। কঠোর প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্য থেকে ৬৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভের গৌরব অর্জন করে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ইসলামী সংগীত ও উত্তরণ সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় কিশোরকণ্ঠের থিম সং পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের মাননীয় সংসদ সদস্য এবং কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান মিলন অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন:
“সন্তান পরীক্ষায় কম নম্বর পেলে বকাবকি করা বা জোর করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার চাপ সৃষ্টি করা সুস্থ মানসিকতা নয়। প্রকৃত শিক্ষা হলো দেহ, মন ও আত্মার সমন্বিত উন্নয়ন। এমন শিক্ষা গ্রহণ করতে হবে যা মানুষকে মিথ্যা, ঘুষ, অন্যায় ও দুর্নীতি থেকে দূরে রাখে।”
তিনি শিক্ষার্থীদের কুরআনের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন:
ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী (ফেলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।
ডা. ফাউজান আব্দুর রহমান (চেয়ারম্যান, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, ময়মনসিংহ মহানগর)।
শফিকুল ইসলাম হামিম (চেয়ারম্যান, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, ময়মনসিংহ জেলা)।
এছাড়াও ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষকদের পক্ষে ডি.এস. কামিল মাদরাসার অধ্যক্ষ নাজমুল হক এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষে সিরাজুম মুনিরা মুগ্ধ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে সকল মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ