সিরাজগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: আশরাফ চেয়ারম্যান মার্কেটের দোকানপাট পুড়ে ছাই

সিরাজগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: আশরাফ চেয়ারম্যান মার্কেটের দোকানপাট পুড়ে ছাই

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আশরাফ চেয়ারম্যান মার্কেটের বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই আশরাফ চেয়ারম্যান মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর আগেই মার্কেটের দোকানে থাকা কাপড়, মুদি পণ্যসহ মূল্যবান মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের উপার্জনের শেষ সম্বলটুকু পুড়ে গেছে। হঠাৎ এই দুর্ঘটনায় তারা এখন দিশেহারা। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে। সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তার জোর দাবি জানিয়েছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন