ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আরিফ হাজরা, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রকাশ্যে মাদক সেবন এবং এতে বাধা দেওয়ায় স্থানীয়দের মারধর ও উত্যক্ত করার অভিযোগ উঠেছে শংকর হালদার (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অতিষ্ঠ এলাকাবাসী প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন।
অভিযুক্ত শংকর হালদার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামের মৃত বাদল হালদারের ছেলে।
ভুক্তভোগী হিরন্ময় হালদার (৪০) জানান, শংকর হালদার তার বাড়ির পাশের পুকুর পাড়ে বসে নিয়মিত বহিরাগতদের নিয়ে মাদক সেবন করেন। ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী নারীদের তিনি ইভটিজিং বা উত্যক্ত করেন বলেও অভিযোগ রয়েছে। হিরন্ময় বলেন:
"গত কয়েক দিন আগে আমি এই ঘটনার প্রতিবাদ করায় শংকর ও তার লোকজন মিলে আমাকে এবং আমার চাচা নিরঞ্জনকে বেধড়ক মারধর করেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে বিচার চাই।"
মাদক সেবনের বিষয়ে জানতে চাইলে শংকর হালদার অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি আগে কিছুটা মাদক সেবন করতাম। তবে এলাকার লোকজনের সামাজিক চাপের কারণে এখন তা ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি।"
ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ ইমদাদুল হক জানান, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি বলেন, "শংকর হালদার যদি প্রকাশ্যে মাদক সেবন করে থাকেন, তবে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তবে এলাকাবাসী দাবি করেছেন, তারা ইতিপূর্বেই বিভিন্ন দপ্তরে আবেদনের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার সামাজিক পরিবেশ আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন তারা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ