ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বান্দরবান জেলা সংবাদদাতা: বান্দরবানের আলীকদমে শিক্ষক ও সাংবাদিক আতিকুর রহমানের ওপর নজরুল গং কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিক ও শিক্ষকরা।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় আলীকদম উপজেলা প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আলীকদম উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আলীকদম কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক ও সাংবাদিক আতিকুর রহমানের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ইয়াবা কারবারি হিসেবে পরিচিত। এর আগেও তারা সংবাদ সংগ্রহকালে চারজন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছিল। তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তারা সহিংস হয়ে ওঠে। বক্তারা এই হামলাকে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, গত বুধবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আলীকদম সাংবাদিক ফোরামের সদস্য ও আলীকদম সেনা জোন পরিচালিত আলীকদম কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক আতিকের ওপর তাঁর নিজ দোকানে এসে হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসী নজরুল ও তার সহযোগীরা।
মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে নজরুল গংদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ