ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা ও নানা অনিয়মের চিত্র দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। চিকিৎসকদের অনুপস্থিতি ও রোগীদের সরকারি ওষুধ না দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল ১০টার দিকে মন্ত্রী কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালটিতে উপস্থিত হন।
মন্ত্রী প্রায় এক ঘণ্টা ধরে হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড, অপারেশন থিয়েটার এবং আউটডোর বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি বেশ কিছু গুরুতর অনিয়ম প্রত্যক্ষ করেন:
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদকে শুরুতে কর্মস্থলে পাওয়া যায়নি। পরে তিনি উপস্থিত হয়ে ছুটির দাবি করলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়াও বেশ কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায়।
সরকারি নিয়ম অনুযায়ী আউটডোর টিকিটের মূল্য ৩ টাকা হলেও খুচরা টাকার অজুহাতে রোগীদের কাছ থেকে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ হাতেনাতে ধরা পড়ে।
স্বাস্থ্যমন্ত্রী এক রোগীর প্রেসক্রিপশন পরীক্ষা করে দেখেন যে, সরকারি বরাদ্দ থাকলেও তাকে সব ওষুধ দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ এর কোনো সদুত্তর দিতে পারেনি।
চিকিৎসা নিতে আসা নারীরা অভিযোগ করেন, চিকিৎসকরা সঠিক সময়ে উপস্থিত না হয়ে নিজেদের কক্ষে গল্পগুজবে ব্যস্ত থাকেন।
হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের মুখে এটি ৩০০ শয্যায় উন্নীত করার দাবি জানান স্থানীয়রা। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের একটি ডিও (D.O.) লেটার প্রয়োজন। ডিও লেটার পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" তবে ডিও লেটারের বিষয়ে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা মোটামুটি সন্তোষজনক হলেও প্রশাসনিক ও সেবা সংক্রান্ত অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অনুপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ