ভারতে বড় হামলার ছক: বাংলাদেশি নাগরিকসহ ৮ জন গ্রেপ্তার

ভারতে বড় হামলার ছক: বাংলাদেশি নাগরিকসহ ৮ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের আত্মঘাতী হামলার পরিকল্পনার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। দেশটির তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন এবং তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও বাংলাদেশভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর মদদে কাজ করছিল বলে দাবি করেছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তামিলনাড়ুর তিরুপুর জেলার একটি পোশাক কারখানা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজনকে পশ্চিমবঙ্গ থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন— মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ উজ্জ্বল।

কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা পরিচয় লুকানোর জন্য ভারতের জাল ‘আধার কার্ড’ ব্যবহার করছিল। তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তামিলনাড়ু পুলিশ এদের গ্রেপ্তার করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা এবং চাঁদনী চকের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন জনবহুল স্থানে বড় ধরনের বিস্ফোরণের ছক কষেছিল। তারা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে এই নাশকতার পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে।

এই গ্রেপ্তারের ঘটনায় ভারত ও বাংলাদেশের বর্তমান উত্তপ্ত কূটনৈতিক সম্পর্কের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন