ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে একটি বিয়েবাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর খালার দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে বিদায় দেওয়ার জন্য আত্মীয়-স্বজনরা সেখানে অবস্থান করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ওই তরুণীকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়।
এজাহারে উল্লেখ করা হয়, পরে ভুক্তভোগীকে স্থানীয় একটি খলিয়ানে নিয়ে তিন যুবক মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে ফিরে আসে এবং স্বজনদের বিষয়টি জানায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলেও তারা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এই ঘটনায় ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু বাদী হয়ে নিয়ামতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নেমে ঘটনার সাথে জড়িত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ভারপ্রাপ্ত) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ