একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে ঘরবাড়ি তছনছ করে: আখতার হোসেন

একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে ঘরবাড়ি তছনছ করে: আখতার হোসেন

আবু রায়হান, রংপুর ব্যুরো: “একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে ও শাড়ি-লুঙ্গি বিতরণের ঘোষণা দেয়; অন্যদিকে সাধারণ মানুষের ঘরবাড়ি তছনছ করে লুটপাট চালায়”—এমন অভিযোগ করেছেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের হারাগাছ এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এনসিপি ও জামায়াত কর্মীদের বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন অভিযোগ করেন, ১৩ ফেব্রুয়ারি বিকেল থেকে হারাগাছ এলাকায় পরাজিত ধানের শীষের প্রার্থীর সমর্থকেরা তাণ্ডব চালায়। তারা এনসিপি কার্যালয়ে হামলা ও পোস্টার ছেঁড়ার পাশাপাশি রংপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক এম আই সুমনের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তিনি দাবি করেন, সুমনের বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা লুট করা হয়েছে এবং আসবাবপত্র ভেঙে বাড়িটি বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে। এমনকি পবিত্র কোরআন শরীফ অবমাননার মতো ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

এনসিপি নেতা আখতার হোসেন বলেন, “একদিকে তারা ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে হরতাল ডাকে—এটি রাজনৈতিক অপরিপক্বতার পরিচয়। জনগণ এক রাতের টাকার বিনিময়ে পাঁচ বছরের ভোগান্তি মেনে নেয়নি বলেই তারা নির্বাচনে জয়ী হতে পারেনি।” তিনি আরও জানান, গত ১০ দিন ধরে ভুক্তভোগী পরিবারগুলো আতঙ্কে বাড়িছাড়া এবং এলাকায় দোকানপাট বন্ধ রাখার হুমকি দেওয়া হচ্ছে।

দশ দিন পেরিয়ে গেলেও কোনো অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আখতার হোসেন। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং হারাগাছের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তিনি স্পষ্ট করে বলেন, রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা নিতে হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন