ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো প্রধান: পবিত্র রমজান মাসে বাজার তদারকিতে গিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর অসাধু ব্যবসায়ীদের হামলাচেষ্টা ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর মৌলভীবাজারে ছোলার দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে গিয়ে অসাধু ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল। সেখানে জনৈক মোহাম্মদ আলী ভূট্টো নিজেকে ব্যবসায়ী নেতা পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন এবং দোকানপাট বন্ধ করে 'মব' সৃষ্টির চেষ্টা করেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্যাব নেতারা বলেন, দায়িত্ব পালনকালে একজন সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া সরাসরি আইনের শাসনের প্রতি চ্যালেঞ্জ।
ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান আলোচক ছিলেন ক্যাব উপদেষ্টা লিয়াকত আলী। তিনি বলেন, বাজার মনিটরিং শুধু প্রশাসনিক কাজ নয়, এটি জনস্বার্থ রক্ষার সাংবিধানিক দায়িত্ব। অসাধু ব্যবসায়ীরা সংগঠিত হয়ে বাধা দিলে সাধারণ ভোক্তাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন লিখিত দাবিতে বলেন, ঢাকায় সৃষ্ট এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি যেন রাজশাহীতে না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনকে এখনই কঠোর হতে হবে। যদি অসাধু ব্যবসায়ীরা সংগঠিত হয়ে প্রশাসনিক কার্যক্রমে বাধা দেয়, তাহলে ভোক্তাদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
মানববন্ধন থেকে ক্যাব নেতৃবৃন্দ বেশ কিছু দাবি তুলে ধরেন। তারা বলেন, জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিযানে বাধা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করার পাশাপাশি ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।
মানববন্ধনে ক্যাব রাজশাহীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ক্যাব ইউথ ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তবে সাধারণ ভোক্তাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ