নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে ডেকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেফতার ৩

নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে ডেকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেফতার ৩

মোঃ শাহারিয়ার, বিশেষ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বিয়ের অনুষ্ঠান থেকে এক তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

 ভুক্তভোগীর খালার দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে বিদায় দেওয়ার জন্য স্বজনরা সেখানে অবস্থান করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের মধ্যে একজন কৌশলে ওই তরুণীকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়।

অভিযোগ করা হয়েছে, তরুণীকে বাড়ির অদূরে একটি খলিয়ানে নিয়ে গিয়ে তিনজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী তরুণী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে ফিরে আসেন এবং স্বজনদের বিস্তারিত জানান। স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলেও তারা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

 এ ঘটনায় ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু বাদী হয়ে নিয়ামতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি গুরুত্বের সাথে নিয়ে মামলা রুজু করে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মামলার পরপরই আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন