ব্যক্তিগত সুবিধা নয়, জনগণের সেবায় কাজ করতে হবে: রায়পুরে আবুল খায়ের ভূঁইয়া

ব্যক্তিগত সুবিধা নয়, জনগণের সেবায় কাজ করতে হবে: রায়পুরে আবুল খায়ের ভূঁইয়া

আমিনুল ইসলাম সিয়াম, রায়পুর (লক্ষ্মীপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় স্থানীয় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, "জনগণের সেবা করার জন্যই আমাকে নির্বাচিত করা হয়েছে। দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে কেউ যেন ব্যক্তিগত ব্যবসা বা অনৈতিক সুবিধা না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।"

এ সময় তিনি এলাকার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, হায়দরগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত এমবিবিএস চিকিৎসক পদায়নের উদ্যোগ নেওয়া হবে এবং হায়দরগঞ্জ বাজারের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, "দলের কেউ মাদকের সাথে জড়িত থাকলে তাকে সরাসরি বহিষ্কার করা হবে। কোথাও মাদকসেবী ধরা পড়লে তাকে পুলিশের হাতে সোপর্দ করুন।"

প্রধান বক্তার বক্তব্যে জেড. এম নাজমুল ইসলাম মিঠু গত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে বলেন, যেসব ওয়ার্ডে দল কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, সেখানে নতুন করে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে সব ওয়ার্ডে বিজয় নিশ্চিত করতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আব্দুল বাছেদ হাওলাদারের সভাপতিত্বে এবং মোঃ মিজানুর রহমান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন সফিকুর রহমান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট খায়ের আলম। সভায় ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন