মুন্সিগঞ্জে রাস্তায় দুজনকে তল্লাশি করে পাওয়া গেল ৪ কেজি গাঁজা

মুন্সিগঞ্জে রাস্তায় দুজনকে তল্লাশি করে পাওয়া গেল ৪ কেজি গাঁজা

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুন্ডের বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— টংগিবাড়ী উপজেলার হাসকিরা গ্রামের মো. কালু বেপারীর ছেলে মো. শহিদ বেপারী (৩২) এবং দক্ষিণ পাইকপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল বাতেন (৪৩)।

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ডিবি পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি চৌকস দল টংগিবাড়ী থানাধীন কান্দাপাড়া কুন্ডের বাজারের মৃদুল শেখের ভাঙ্গারী দোকানের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই দুজনকে গতিরোধ করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির কথা স্বীকার করেছেন।

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের এই বড় চালানের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত জেলা গড়তে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডি.এস/সকালবেলা

মন্তব্য করুন