নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার দিনে সকালের মিষ্টি রোদ ম্লান করে রাজধানী ঢাকার আকাশে জমছে মেঘের ভেলা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন ঘণ্টার মধ্যে রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ভোর ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকাল বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক জরুরি সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ দিনের প্রথমার্ধে দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অঞ্চলগুলো হলো— রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী এবং সিলেট।
এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঈদের দিনে দুপুরের পর বৃষ্টির এই পূর্বাভাসের কারণে কোরবানিদাতাদের দ্রুত মাংস কাটার কাজ শেষ করার এবং কোরবানির পশুর বর্জ্য নিজ দায়িত্বে পরিষ্কার করে দ্রুত নিরাপদ স্থানে ফেলার অনুরোধ জানিয়েছে সিটি করপোরেশন।
এম.এম/সকালবেলা