মার্কিন বিমানঘাঁটিতে আইআরজিসির পাল্টা হামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
মার্কিন বিমানঘাঁটিতে আইআরজিসির পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার বিমান হামলার দাঁতভাঙা জবাব দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার ভোরে ইরানের কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের বিমানবন্দর সংলগ্ন একটি সামরিক স্থাপনায় মার্কিন বাহিনী অতর্কিত হামলা চালালে, এর পাল্টা জবাব হিসেবে একটি ‘মার্কিন বিমানঘাঁটি’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে তারা এই পাল্টা হামলা চালায়। বিবৃতিতে দাবি করা হয়, যে মার্কিন বিমানঘাঁটি থেকে ইরানের ওপর আগ্রাসন চালানো হয়েছিল, সেটিকেই নিখুঁত নিশানা করা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের ঠিক কোন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এই আঘাত হানা হয়েছে, তা নিরাপত্তার স্বার্থে প্রকাশ করেনি আইআরজিসি।

এর আগে গভীর রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বন্দর আব্বাসের উপকণ্ঠে একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরী ও বাণিজ্যিক জাহাজে হামলার উদ্দেশ্যে ইরান ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল, যা প্রতিহত করতেই এই ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানো হয়।

আইআরজিসি তাদের কড়া বার্তায় স্পষ্ট জানিয়েছে, যেকোনো মার্কিন আগ্রাসনের জবাব দেওয়া হবে। তারা ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেছে, এরপরও যদি কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তবে তার পরিণতি হবে আরও ভয়াবহ এবং ইরান আরও চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

আই.ডি/সকালবেলা

মন্তব্য করুন