মদনে বৃদ্ধকে পিটিয়ে হত্যাচেষ্টা, থানায় মামলা

প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ণ
মদনে বৃদ্ধকে পিটিয়ে হত্যাচেষ্টা, থানায় মামলা

মো. সাকের খান, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে কোরবানির হাটে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে কাংকন মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে চলন্ত বাইসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ সময় হাতুড়ি বা লোহার রড দিয়ে পিটিয়ে বৃদ্ধের দুই পায়ের গোড়ালি সম্পূর্ণ গুঁড়ো করে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। 

আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজের সময় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মদন-খালিয়াজুড়ী সড়কের ঈদগাহ মাঠের পাশে এই বর্বরোচিত ঘটনা ঘটে। এই ঘটনায় বিকেলে ভুক্তভোগীর স্ত্রী রুমেলা আক্তার বাদী হয়ে ৫/৬ জনকে আসামি করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোবিন্দশ্রী গ্রামের আহত বৃদ্ধ কাংকন মিয়ার ভাগ্নে সাজিবের সাথে একই গ্রামের সবুজ মিয়ার ছেলে রবিনের গত বৃহস্পতিবার সকালে জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে তীব্র কথা কাটাকাটি ও একপর্যায়ে কিলঘুষির ঘটনা ঘটে। এর জেরে ওই দিন বিকেলে সাজিবের পাড়ার অন্তর মিয়া নামের এক যুবককে নদীর পাড় থেকে ধরে নিয়ে রবিন ও তার লোকজন নিজেদের বাড়িতে বেঁধে রাখে। পরে স্থানীয় দুই ইউপি সদস্য বিষয়টি দ্রুত মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে অন্তরকে নিজেদের জিম্মায় ছাড়িয়ে আনেন। কিন্তু স্থানীয় মেম্বাররা সালিশ বৈঠক করতে বিলম্ব করায় রবিনের ক্ষুব্ধ লোকজন প্রতিশোধ নেওয়ার জন্য ওত পেতে থাকে।

আজ শুক্রবার ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় সুজন বাজারের গরুর হাটে গিয়েছিলেন বৃদ্ধ কাংকন মিয়া। সেখানে নিজের লালিত গরু বিক্রি করে নগদ ২ লাখ টাকা নিয়ে তিনি বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে মদন-খালিয়াজুড়ী সড়কের ঈদগাহ মাঠের পাশে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা রবিন ও তার ভাই কাওছারসহ ৫/৬ জন সশস্ত্র সন্ত্রাসী তাঁর গতি রোধ করে। তারা বৃদ্ধ কাংকন মিয়াকে চলন্ত বাইসাইকেল থেকে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলার একপর্যায়ে ভারী বস্তু দিয়ে আঘাত করে বৃদ্ধের দুই পায়ের গোড়ালি ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়।

বৃদ্ধের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে হামলাকারীরা তাঁর কোমরে থাকা গরু বিক্রির নগদ ২ লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কাংকন মিয়াকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান অভিযুক্ত রবিনের ভাই কাওছার হামলার সত্যতা সরাসরি স্বীকার করে সাংবাদিকদের বলেন, “গতকাল জুয়া খেলার টাকা নিয়ে আমার ভাইকে তারা মারপিট করেছিল। এই জন্যই আজকে আমরা তার কড়া জবাব দিয়েছি। মেম্বাররা গতকাল বলেছিল রবিনকে মারার বিচার দ্রুত মীমাংসা করে দেবে, কিন্তু তারা চব্বিশ ঘণ্টাতেও তা করে নাই।”

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “কোরবানির হাটের টাকা লুট ও এক বৃদ্ধকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ামাত্রই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধের ওপর হামলাকারী ও টাকা লুটের সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন