মো. মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সৈয়দপুর শাখার ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. রুহুল আমিন রুবেল সভাপতি এবং মো. নিজামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাত ৮টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ঐতিহ্যবাহী মর্তুজা ইনস্টিটিউটে এই ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়।
সমিতির দ্বিবার্ষিক মেয়াদ শেষে অনুষ্ঠিত এই ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বৃহস্পতিবার সকাল থেকে মর্তুজা ইনস্টিটিউটে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে মো. রুহুল আমিন রুবেলকে সভাপতি এবং মো. নিজামুল হককে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য সৈয়দপুর শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর পরই প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান।
নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আসন্ন দিনগুলোতে বাংলাদেশ রেলওয়ের ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের বকেয়া পেশাগত অধিকার রক্ষা, সদস্যদের সার্বিক কল্যাণ সাধন এবং এই ঐতিহ্যবাহী সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
এদিকে, দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনটি অত্যন্ত স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় উপস্থিত সাধারণ সদস্য ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর সন্তোষ প্রকাশ করেছেন।
এ.আই.এল/সকালবেলা