ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একটি হতদরিদ্র পরিবারের উপর হামলা, মারপিট, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী ইকরাম চাপরাশী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে প্রতিপক্ষ সেলিম, মোকলেছ, সোহাগ গংদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৮ মে রাতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে ঘরবাড়ি তছনছ করে এবং নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের ওপরও হামলা চালানো হয়। হামলায় কয়েকজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
বাদী ও পরিবারের বয়োবৃদ্ধ নারী সদস্যরা অভিযোগ করেন, হামলাকারীরা এখনও তাদের প্রাণনাশের হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। পুনরায় হামলার আশঙ্কায় পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে ফিরতে পারছেন না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনাস্থলে গিয়ে কোনো পক্ষের পুরুষ সদস্যদের পাওয়া যায়নি। প্রতিপক্ষ সেলিম-মোকলেছ পক্ষের নারী সদস্য আছিয়া বেগম দাবি করেন, সংঘর্ষে উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। তাদের পরিবারের দুই সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।