চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া পৌরসভায় মাদক ক্রয়ের টাকার দাবিতে এক পা-হারা বৃদ্ধ ও প্রতিবন্ধী পিতাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই নিজ মাদকাসক্ত সন্তানের বিরুদ্ধে। 

আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলেকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীর কুম বাজার এলাকার বাসিন্দা খলিলুর রহমান (৭৫) একজন শারীরিক প্রতিবন্ধী (পা-হারা)। আজ দুপুরে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় ওত পেতে থাকা তাঁর মেজ ছেলে মোহাম্মদ মিনার (২৮) ধারালো দা নিয়ে হঠাৎ তাঁর ওপর ঝাপিয়ে পড়ে। মাদকাসক্ত মিনার কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বৃদ্ধ পিতাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

হামলার একপর্যায়ে কোপের আঘাতে বৃদ্ধ খলিলুর রহমানের একটি হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়। বৃদ্ধের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ঘাতক মিনার পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে স্থানীয়রা ধাওয়া করে তাকে ধরে ফেলেন। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক মোহাম্মদ মিনার দীর্ঘদিন ধরে এলাকায় কুখ্যাত মাদকাসক্ত হিসেবে পরিচিত। মাদকের টাকার জন্য সে প্রতিনিয়ত মা-বাবাকে মারধর ও নির্যাতন করত। মাদকাসক্ত সন্তানের এই অমানুষিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতা খলিলুর রহমান ইতিপূর্বে চকরিয়া থানায় ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

সেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ মিনারকে গ্রেফতার করে আদালতে পাঠালে সে বেশ কয়েক মাস কারাভোগ করে। সম্প্রতি জামিনে কারাগার থেকে মুক্ত হয়েই মিনার তার বাবার ওপর চরম ক্ষিপ্ত ছিল এবং প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। আজ সুযোগ পেয়ে সে নিজের জন্মদাতা পিতাকেই দুনিয়া থেকে সরিয়ে দিল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাদকাসক্ত ছেলে মিনারকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতের অন্য ভাইয়েরা আলাদা বসবাস করায় বৃদ্ধ বাবা-মা এই ছেলের অত্যাচারে চরম অসহায় ছিলেন।”

ওসি আরও জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ধারালো দা জব্দ করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন