তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৩টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা বিওপি’র একটি টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান চালায়। সীমান্ত পিলার ৩২৬/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বান্দাইলগ্রাম নামক এলাকায় একটি ভুট্টা ক্ষেতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে তারা সর্বদা সচেষ্ট। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা