জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলাইক আবারও ছোট পর্দার রোমাঞ্চকর রিয়্যালিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি’-তে ফিরছেন। ১৫তম প্রতিযোগী হিসেবে শো-তে তার এই প্রত্যাবর্তন যতটা আনন্দময়, এর পেছনের গল্পটি ততটাই সংগ্রামের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুতে নিজের চেহারা নিয়ে ইন্ডাস্ট্রির তিক্ত ও অপমানজনক অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
রুবিনা জানান, শুরুতে তাকে তার শারীরিক গঠন ও চেহারা নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয়েছে। পাহাড়ি মেয়ে হওয়ায় তাকে ‘হিমাচলি আপেল’ বলে ডাকা হতো। এমনকি গালের মেদ ও থুতনি নিয়ে পরিচালক-প্রযোজকরা হাসিঠাট্টা করতেন। রুবিনা বলেন, ‘এক পরিচালক সরাসরি আমাকে বলেছিলেন যে আমার চেহারা নাকি অনেক নেতিবাচক। আমাকে কোনো বড় বা ইতিবাচক চরিত্রে কেউ নেবে না বলেও তিনি মন্তব্য করেছিলেন।’
অভিনেত্রী আরও জানান, দাঁতে ব্রেসেস থাকা এবং শরীরের গঠন নিয়ে তিনি একসময় মারাত্মক হীনম্মন্যতায় ভুগতেন। আয়নায় নিজেকে দেখে তার মনে হতো তিনি হয়তো যথেষ্ট সুন্দরী নন। তবে সময়ের সাথে সাথে তিনি বুঝতে পেরেছেন যে, প্রত্যেকেরই নিজস্ব সৌন্দর্য আছে। অন্য কারো মতো হওয়ার চেষ্টা না করে নিজেকে নিজের মতো করে মেনে নেওয়াই হলো আসল সাফল্য।
রুবিনা দিলাইক ‘ছোটি বহু’ সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পান এবং পরবর্তীতে ‘বিগ বস ১৪’-এর শিরোপা জেতেন। এবারের ‘খাতরোঁ কে খিলাড়ি’-তে রুবিনার সাথে আরও দেখা যাবে কারাণ ওয়াহি, জেসমিন ভাসিন, ঋত্বিক ধঞ্জানি ও অভিকা গোরের মতো তারকাদের। এছাড়াও নতুন প্রতিযোগী হিসেবে থাকছেন গৌরব খান্না ও রুহানিকা ধাওয়ানসহ আরও অনেকে।
সূত্র: এনডিটিভি