তামিলনাড়ুতে রিসোর্ট রাজনীতি: এআইএডিএমকে বিধায়ক ভাঙন ও বিজয়ের কৌশল

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ণ
তামিলনাড়ুতে রিসোর্ট রাজনীতি: এআইএডিএমকে বিধায়ক ভাঙন ও বিজয়ের কৌশল

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এবার শুরু হয়েছে ক্ষমতার চূড়ান্ত লড়াই। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের সমর্থন নিশ্চিত করতে ‘রিসোর্ট রাজনীতি’র (Resort Politics) পুরনো খেলা আবারও ফিরে এসেছে দক্ষিণের এই রাজ্যে।

সদ্য নির্বাচিত এআইএডিএমকের ১২ জনেরও বেশি বিধায়ককে পদুচেরির একটি বিলাসবহুল রিসোর্টে সরিয়ে নেওয়া হয়েছে। এনডিটিভির হাতে আসা ভিডিওতে দেখা গেছে, দলটির পদুচেরি রাজ্য সম্পাদক আনবাঝাগান সেখানে বিধায়কদের তদারকি করছেন। দলটির দাবি, অভিনেতা বিজয়ের দল টিভিকে (TVK) তাদের বিধায়কদের ভাঙিয়ে নিতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই ‘নিরাপত্তা’ মূলক ব্যবস্থা।

গুঞ্জন রয়েছে যে, টানা চতুর্থবার নির্বাচনী বিপর্যয়ের পর এআইএডিএমকের একটি অংশ দলীয় প্রধান এডাপ্পাদি কে পালানিস্বামীর নীরবতায় ক্ষুব্ধ। তারা চাচ্ছেন বিজয়ের দলকে বাইরে থেকে সমর্থন দিতে। তবে দলের কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে, তারা বিজয়কে সমর্থন দেবে না। সাবেক মন্ত্রী সিভি শানমুগম স্পষ্ট করেছেন, "টিভিকে আমাদের কাছে কোনো সমর্থন চায়নি এবং দলগতভাবে আমরা তাদের পাশে নেই।"

প্রথমবার নির্বাচনে নেমেই ১০৮টি আসন জিতে সবাইকে চমকে দিয়েছেন থালাপতি বিজয়। তবে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার (১১৮) ছুঁতে তাঁর আরও ১০টি আসন প্রয়োজন। ইতিমধ্যেই তিনি কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করেছেন। বর্তমানে তাঁর নজর সিপিআই, সিপিএম এবং ডিএমকের মিত্র দল ভিসিকে-র (VCK) বিধায়কদের দিকে।

টিভিকে-র একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, বিজয় এআইএডিএমকের সমর্থন নিতে খুব একটা আগ্রহী নন। কারণ এআইএডিএমকে-র সঙ্গে বিজেপির জোট রয়েছে। বিজয় বারবার বিজেপিকে তাঁর প্রধান ‘আদর্শিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে ঘোষণা করেছেন। তিনি আশঙ্কা করছেন, এআইএডিএমকে-র সাহায্য নিলে ভবিষ্যতে তাঁর সরকারে বিজেপির প্রভাব বাড়তে পারে।

এদিকে সরকার গঠনের প্রক্রিয়া ঝুলে আছে রাজভবনে। গভর্নর সিপি রাধাকৃষ্ণন বিজয়কে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শপথগ্রহণের আগে তাঁকে ১১৮ জন বিধায়কের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে হবে। আজ বাম দলগুলো তাদের সিদ্ধান্ত জানালে তামিলনাড়ুর রাজনীতির ভবিষ্যৎ পরিষ্কার হতে পারে।

মন্তব্য করুন