কালকিনিতে ১৭ মামলার আসামি ফয়সাল গ্রেফতার

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
কালকিনিতে ১৭ মামলার আসামি ফয়সাল গ্রেফতার

নাহিদ জামান, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার আলোচিত ও দুর্ধর্ষ সন্ত্রাসী ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা, ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলার এই আসামিকে বুধবার (৬ মে) রাজধানীর কাফরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা ফয়সাল তালুকদার দীর্ঘদিন ধরে অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ছাড়া একই এলাকায় এক চা দোকানির লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়রা তাকে প্রধান অভিযুক্ত মনে করছেন। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কিত ছিলেন।

মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জানান, ফয়সাল দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টা করছিল। পুলিশের ধারাবাহিক অভিযানে অবশেষে তাকে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে এবং তার সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। ফয়সাল গ্রেফতারের খবরে কালকিনির সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন