পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সুবর্ণা ঠাকুরকে তাঁর নিজ বাড়িতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) শপথ গ্রহণ শেষে ওড়াকান্দিতে ফিরে আসলে বিপুল সংখ্যক মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এমপি সুবর্ণা ঠাকুর ওড়াকান্দিতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের প্রিয় শিক্ষিকাকে এমপি হিসেবে পেয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় ঠাকুর বাড়ির মতুয়া সংঘের সদস্যবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সুবর্ণা ঠাকুর বলেন, “বাংলাদেশ আমাদের জন্মভূমি, এদেশের প্রতি আমাদের অনেক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। জীবনের শেষ দিন পর্যন্ত সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবায় নিয়োজিত থাকব।” তিনি তাঁর এই অর্জন ওড়াকান্দির পুরোধা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রতি উৎসর্গ করেন এবং দেশমাতৃকার সেবায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
এ.আই.এল/সকালবেলা