নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল জানান, গ্রেপ্তার আরিফ সরকারকে বুধবার (৬ মে) বাংলাদেশে আনার পর সরাসরি আদালতে সোপর্দ করা হয়েছে। আরিফ সরকার নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে।
২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি শিবপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খানকে তাঁর নিজ বাসায় গুলি করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। ওই বছরের ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা করেন। পরবর্তীতে ২০২৩ সালের ২৩ জুন পিবিআই নরসিংদী জেলা এই মামলার তদন্তভার গ্রহণ করে।
তদন্ত চলাকালীন পিবিআই আরিফ সরকারের সরাসরি জড়িত থাকার প্রমাণ পায়। আসামি বিদেশে পালিয়ে যাওয়ায় পিবিআই পুলিশ সদর দপ্তরের এনসিবি (NCB) শাখার মাধ্যমে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে। দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করার পর পিবিআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের একটি বিশেষ টিম দুবাই গিয়ে তাকে নিয়ে আসে।
পিবিআই গত বছরের ২৪ নভেম্বর আরিফ সরকারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। উল্লেখ্য, এই মামলার অন্যতম আসামি মহসীনকেও এর আগে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল বলেন, "আরিফ সরকারের দুবাই অবস্থান নিশ্চিত হওয়ার পরই আমরা আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিই।"