বিনোদন ডেস্ক: ঢালিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। বর্তমানে পারিবারিক কারণে একে অপরের থেকে দূরে থাকলেও ভালোবাসার বন্ধন যে অটুট, তা আবারও প্রমাণ করলেন এই দম্পতি। গতকাল বুধবার (৬ মে ২০২৬) ওমর সানীর ৫৫তম জন্মদিনে যুক্তরাষ্ট্র থেকে এক আবেগঘন ভিডিও বার্তা পাঠিয়েছেন মৌসুমী।
মায়ের অসুস্থতার কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রিয়দর্শিনী মৌসুমী। স্বামীর জন্মদিনে একটি সুন্দর কেক সামনে নিয়ে ভিডিও বার্তায় তাকে শুভেচ্ছা জানান তিনি। ভিডিওতে মৌসুমী বলেন,
“শুভ জন্মদিন সানী। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে মিস করি। তুমি আমাদের জীবনে, আমার জীবনে বটগাছ হয়ে সব সময় থাকো। বারবার তোমাকে আমরা এভাবেই পাশে চাই।”
মৌসুমী আরও বলেন, “তোমার জন্মদিনে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ, সানী।”
স্ত্রীর পাঠানো এই বিশেষ ভিডিও বার্তাটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ওমর সানী। ক্যাপশনে তিনি লিখেছেন, “ধন্যবাদ প্রিয়দর্শিনী তোমার জন্য দোয়া।” তাদের এই ভার্চুয়াল ভালোবাসা বিনিময় ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ঢালিউডের এই জুটি হাজারো মানুষের কাছে আদর্শ হয়ে আছেন। দূরত্ব থাকলেও বিশেষ দিনগুলোতে একে অপরের প্রতি এমন সম্মান ও ভালোবাসা ভক্তদের মুগ্ধ করে।
জান্নাত/সকালবেলা