জামালপুরে ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ণ
জামালপুরে ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ গ্রামের মো. শিপন, ইব্রাহিম ও ইউসুফ। আদালত মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। তবে মামলার প্রধান আসামি সাদিককে খালাস প্রদান করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ভুক্তভোগী কিশোরীকে তার চাচাতো ভাই সাদিক ফুসলিয়ে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। সেই সময় ওত পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ সেখানে উপস্থিত হলে সাদিক পালিয়ে যান। পরে ওই তিনজন মিলে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর আসামিরাই তাকে বাড়িতে পৌঁছে দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, আসামিরা প্রভাবশালী হওয়ায় ঘটনার ১৬ দিন পর ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দীর্ঘ দুই বছর পর ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন। উল্লেখ্য, প্রধান আসামি সাদিকের সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক থাকায় এবং সম্মতির বিষয়টি আদালতে আসায় বিচারক তাকে খালাস প্রদান করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন