ভৈরবে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে জমজমাট টেঁটা ব্যবসা

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
ভৈরবে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে জমজমাট টেঁটা ব্যবসা

খোরশেদ আলম, ভৈরব: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি বাজারে গ্রাম্য বিরোধ ও সংঘর্ষকে কেন্দ্র করে আবারও সক্রিয় হয়ে উঠেছে অবৈধ টেঁটা তৈরির ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, এলাকার কামারের দোকানগুলোতে প্রকাশ্যে এসব দেশীয় অস্ত্র তৈরি করা হচ্ছে, যা যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।

শিমুলকান্দি বাজারের ৫টি কামার দোকানের মধ্যে কাজল মিয়া নামের এক ব্যক্তির দোকানে নিয়মিত টেঁটা তৈরির অভিযোগ উঠেছে। যদিও কাজল মিয়া দাবি করেছেন তিনি এসব বানানো ছেড়ে দিয়েছেন, তবে সরজমিনে বৃহস্পতিবার (৭ মে) তার দোকানে টেঁটা তৈরির বিভিন্ন সরঞ্জাম দেখা যায়। স্থানীয় বাসিন্দা ফয়সল মিয়াসহ অনেকে জানান, বিভিন্ন এলাকার লোকজন এখান থেকে টেঁটা কিনে নিয়ে যাচ্ছে, যা সরাসরি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি।

শিমুলকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম জানিয়েছেন, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, “আমরা ইতোমধ্যে কিছু দোকান শনাক্ত করেছি। আগামী দুই-তিন দিনের মধ্যে পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন