শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথকে যেভাবে হত্যা করা হয়

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ণ
শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথকে যেভাবে হত্যা করা হয়

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। এই সহিংসতার সর্বশেষ ও নৃশংস শিকার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তাঁকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিটি পর্যায় ছিল ভয়াবহ ও পেশাদার খুনিদের মতো সুপরিকল্পিত।

পুলিশ ও তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, চন্দ্রনাথ রথ যখন গাড়িতে ফিরছিলেন, তখন থেকেই একটি চার চাকার গাড়ি ও একটি মোটরসাইকেল তাঁকে অনুসরণ করছিল। হামলাকারীরা আগে থেকেই ঘটনাস্থল এবং পালানোর পথ নির্ধারণ করে রেখেছিল।

তদন্তকারীরা জানান, চার চাকার ঘাতক গাড়িটি হঠাৎ চন্দ্রনাথের গাড়ির সামনে চলে আসে এবং তাঁর গাড়ির গতি কমাতে বাধ্য করে। গাড়িটি থামার উপক্রম হতেই মোটরসাইকেলে থাকা সশস্ত্র হামলাকারীরা খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১০ রাউন্ড গুলির খোল উদ্ধার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শরীরে একাধিক গুলি লাগে—বিশেষ করে বুক, পেট ও মাথায়। একটি গুলি তাঁর হৃদপিণ্ড ভেদ করে চলে যায়। হামলায় চালক বুদ্ধদেব বেরাও গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই হত্যাকাণ্ডকে ‘হৃদয়বিদারক’ ও ‘ঠাণ্ডা মাথার খুন’ বলে বর্ণনা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, অপরাধীরা দীর্ঘক্ষণ এলাকাটি ‘রেকি’ বা পর্যবেক্ষণ করেছিল। শুভেন্দু বলেন, “যেভাবে হামলাটি চালানো হয়েছে তাতে স্পষ্ট যে ঘাতকরা আগে থেকেই সব ছক কষে রেখেছিল।” তিনি আরও দাবি করেন, যখন তিনি হাসপাতালে সতীর্থের খোঁজ নিচ্ছিলেন, ঠিক সেই সময়েই বসিরহাটে এক কর্মীকে গুলি এবং বরাহনগরে অন্য এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে।

পুলিশ অপরাধে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে। তবে তদন্তে দেখা গেছে, গাড়িটির নম্বর প্লেট বিকৃত করা ছিল। সেখানে শিলিগুড়ির একটি গাড়ির ভুয়া নম্বর ব্যবহার করা হয়েছিল। ঘাতক মোটরসাইকেলটিতেও কোনো নম্বর প্লেট ছিল না। রাজ্য পুলিশের ডিজি শুভেন্দু অধিকারীকে আশ্বস্ত করেছেন যে, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নির্বাচনী ফলাফল প্রকাশের পর থেকে বিজেপি কর্মীদের ওপর এই ধরণের পরিকল্পিত হামলার ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য করুন