শ্রমিক রুবেল হত্যা মামলা: সাবেক মেজর মাঞ্জিল হায়দার ফের রিমান্ডে

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ
শ্রমিক রুবেল হত্যা মামলা: সাবেক মেজর মাঞ্জিল হায়দার ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক মেজর মাঞ্জিল হায়দার চৌধুরীকে (৪৮) দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে চার দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুলিশ পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. টিপু সুলতান রিমান্ড আবেদনে উল্লেখ করেন, মাঞ্জিল হায়দার সাবেক প্রধানমন্ত্রীর পলাতক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাঁর পরামর্শ ও সামরিক পেশাগত সুবিধাকে কাজে লাগিয়ে তিনি আন্দোলন দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তদন্তে আরও জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের পতনের পর তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় ষড়যন্ত্র সভা পরিচালনা করতেন। পলাতক আসামিদের সাথে তাঁর যোগাযোগ এবং অর্থ সহায়তার তথ্য জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের শেষ দিনে আদাবরের রিংরোড এলাকায় একটি প্রতিবাদী মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রুবেল মারা যান। এই ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক এই সেনাকর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর কয়েক দফায় রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন। আজ পুনরায় শুনানির মাধ্যমে তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হলো।

মন্তব্য করুন