ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্য ২০২৬ সালটি একের পর এক অর্জনে সমৃদ্ধ হচ্ছে। একুশে পদক ও ‘হুস হু’ পুরস্কারের পর এবার তার মুকুটে যুক্ত হতে যাচ্ছে নতুন পালক। আগামী ১০ মে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে ‘মা পদক ২০২৬’-এ ভূষিত হতে যাচ্ছেন তিনি।
আলী-রূপা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় এবং ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে রাজধানীর একটি অভিজাত হোটেলে ববিতার হাতে এই পদক তুলে দেওয়া হবে। সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্কৃতি, সাংবাদিকতা, ব্যাংক, আইন, চিকিৎসা ও সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন পেশায় সফল সন্তানদের গর্বিত মায়েদের এই সম্মাননা জানানো হবে। এ বছর ববিতাসহ মোট ২০ জন মাকে এই পদক দেওয়া হচ্ছে।
পুরস্কার প্রাপ্তির সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করে ববিতা বলেন:
“চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা ও একুশে পদক পেয়েছি। কিন্তু চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় এবং আমার একমাত্র সন্তান অনিককে মানুষের মতো মানুষ করার স্বীকৃতি হিসেবে ‘মা পদক’ পেতে যাচ্ছি ভেবে অন্যরকম ভালো লাগা কাজ করছে। আলী-রূপা ফাউন্ডেশনকে ধন্যবাদ।”
উল্লেখ্য, আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে ‘আনন্দ মেলা’র পক্ষ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করার কথা রয়েছে এই গুণী অভিনেত্রীর। ২০২৬ সালে একের পর এক এমন আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি ববিতার দীর্ঘ ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করছে।
জান্নাত/সকালবেলা