বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ
বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুজাহিদ মোল্লা (৪০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মুজাহিদ মোল্লা হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে এবং জামায়াত ইসলামীর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মুজাহিদ মোল্লা তার বাড়ির সামনের দোকানে বসেছিলেন। এ সময় স্থানীয় বাইজিদ নামে এক ব্যক্তি ওই দোকান থেকে একটি জুস কেনেন। জুসটি হাতে নিয়ে বাইজিদ অভিযোগ করেন যে এটি ভালো নয়। তখন মুজাহিদ নিজে জুসটি খেয়ে জানান এটি খারাপ নয়। এই নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাইজিদ তার হাতে থাকা হাসুয়া দিয়ে মুজাহিদের গলায় কোপ দেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘর ভাঙচুর করে এবং তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইজিদকে আহত অবস্থায় উদ্ধার করে আটক করে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন