সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ফিরতে পারেন ঈদের আগেই

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ণ
সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ফিরতে পারেন ঈদের আগেই

নিজস্ব প্রতিবেদকগুরুতর অসুস্থতা কাটিয়ে সুস্থতার পথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত উন্নত প্রযুক্তিসম্পন্ন ‘প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে’ (Prince Court Medical Centre) চিকিৎসাধীন এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থার এখন আগের চেয়ে অনেক ভালো।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি বর্তমানে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। গত কয়েক দিনের নিবিড় পর্যবেক্ষণের পর মেডিকেল বোর্ড তাঁর শারীরিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে।

চিকিৎসকদের পরামর্শ এবং বর্তমান উন্নতির গতি বজায় থাকলে আসন্ন ঈদুল আজহার আগেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন বলে জানা গেছে। আফরোজা আব্বাস জানিয়েছেন, মির্জা আব্বাস মানসিকভাবে বেশ চনমনে আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রয়োজনীয় কিছু রুটিন পরীক্ষা ও ফলোআপ শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতা জনিত কারণে বেশ কিছুদিন আগেই উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর হৃদরোগ ও অন্যান্য বার্ধক্যজনিত জটিলতার চিকিৎসা চলছে। তাঁর অসুস্থতার খবরে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল, তবে বর্তমান এই উন্নতির খবরে রাজনৈতিক মহলে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য করুন