নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার ওপর বিদ্যুতের ক্রমবর্ধমান চাপ কমাতে এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি বাসাবাড়িতে সোলার প্যানেল (সৌরবিদ্যুৎ) স্থাপনের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই নতুন পরিকল্পনার ফলে বিদ্যুৎ গ্রাহকদের নিজস্ব ব্যাকআপ ব্যবস্থা তৈরি হবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী ‘বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপো-২০২৬’ (BIID Expo)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই তথ্য জানান।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যুতের একটি শক্তিশালী ব্যাকআপ ব্যবস্থা তৈরি করতে সরকার সৌরশক্তি বা সোলার পাওয়ারকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করতে চায়। এ লক্ষ্যে আগামী জুন মাসের মধ্যেই একটি সুনির্দিষ্ট সরকারি আদেশ জারির মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। এর ফলে প্রতিটি বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপন কার্যক্রমকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে।”
ইকবাল হাসান মাহমুদ অকপটে স্বীকার করেন যে, আগে সঠিক নেতৃত্বের অভাবে দেশে বড় পরিসরে সোলার ব্যবস্থায় যাওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বদ্ধপরিকর। তিনি বলেন, “আমরা এখন সোলার (সৌর) ও উইন্ড এনার্জিকে (বায়ু শক্তি) বিশেষ গুরুত্ব দিচ্ছি। ২০২৮ সালের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কাজ করে যাচ্ছি।”
বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়ে মন্ত্রী বলেন, খরচ কমাতে প্রযুক্তির সঠিক ব্যবহার ও সাশ্রয়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও সৌরবিদ্যুৎ সরঞ্জামের বাজারজাতকরণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ, দেশি-বিদেশি ব্যবসায়ী প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে আধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ও নির্মাণ শিল্পের নতুন প্রযুক্তি তুলে ধরা হচ্ছে।