পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচ ঘর থেকে মফিজার রহমান নামে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক আমজাদ আলীর ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি রাতে তাদের বিএডিসির (BADC) সেচ পাম্পের ট্রান্সমিটার পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন।

প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতেও তিনি উমরপুর মাঠের সেচ ঘরে পাহারায় যান। বৃহস্পতিবার সকালে জনৈক কৃষক গরু নিয়ে মাঠে যাওয়ার সময় সেচ ঘরের দরজা খোলা এবং ট্রান্সমিটার চুরি হওয়া অবস্থায় দেখতে পান। এরপর ঘরের ভেতরে মফিজারের পা বাঁধা ও রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, গভীর রাতে কোনো চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসেছিল। এ সময় বাধা দেওয়ায় মফিজারকে নির্মমভাবে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায় তারা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন