শৈলকুপায় মাদকসহ গ্রেফতার ১০

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ণ
শৈলকুপায় মাদকসহ গ্রেফতার ১০

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের সাঁড়াশি অভিযানে গত দুই দিনে ইয়াবা ও গাঁজাসহ ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের কড়া নির্দেশনায় মাদক কারবারিদের আস্তানা তছনছ করতে রাতভর এই চিরুনি অভিযান চালায় শৈলকুপা থানা পুলিশ।

ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজালের দিক-নির্দেশনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ হুমায়ূন কবির মোল্লা এই রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম দিন ৪ মে সোমবার দিনভর মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে পৌরসভার হলমার্কেট এলাকা থেকে ৬৫ পিস ইয়াবাসহ দেবতলা গ্রামের মারুফ মিয়াকে গ্রেফতার করা হয়। বিকেলের দিকে লাঙ্গলবাঁধ এলাকা থেকে ৩০ গ্রাম গাঁজাসহ শাখওয়াত, সুমন ও নুরউদ্দীনকে আটক করা হয়। একই রাতে রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবাসহ আনোয়ার ও রইচ হোসেন নামে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

অভিযানের ধারাবাহিকতায় আজ ৫ মে মঙ্গলবার রাত ১টার দিকে হাজরামিনা, পাইকপাড়া, ফাজেলপুর ও ঝাউদিয়া এলাকা থেকে একটি নিয়মিত মামলার ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন— আল আমিন, মদু, মিলন এবং মুকুল মুন্সী।

পুলিশ জানিয়েছে, মাদকের সাথে কোনো আপস করা হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শৈলকুপাকে অপরাধ ও মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন