আমিনুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৫ মে) ভোররাত ৪টার দিকে বাদশা মিয়ার বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় ঢাকা থেকে শরণখোলাগামী একটি বাসের যাত্রীরা আগুন দেখতে পেয়ে স্থানীয়দের ডেকে তোলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইলেকট্রনিক মালামাল ও ব্যাটারি চার্জ করানোর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— আউয়াল মৃধা, গোলক মন্ডল, শেখর চন্দ্র হালদার, জাকারিয়া মুন্সী, চিত্ত দত্ত ও সুমন শেখ।
মঙ্গলবার বেলা ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।
এ.আই.এল/সকালবেলা