বিদ্যুতের খুঁটির চাপায় স্কুল শিক্ষিকা নিহত

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ণ
বিদ্যুতের খুঁটির চাপায় স্কুল শিক্ষিকা নিহত

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ঝড়ের কবলে বিদ্যুতের খুঁটি উপড়ে চলন্ত অটোরিকশার ওপর পড়ে শিউলি (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহত শিউলি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। দুপুরে ঝড়ের সময় অটোরিকশাটি শিমুলিয়া পাওয়ার প্লান্ট অফিসের সামনে পৌঁছালে পল্লী বিদ্যুতের একটি খুঁটি সেটির ওপর ভেঙে পড়ে। বিদ্যুৎ সংযোগ সচল থাকায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খুঁটি ভেঙে পড়ার সময় তারের টানে লাইনের আরও ১০-১২টি খুঁটি রাস্তার ওপর হেলে পড়ে এবং পুকুরে তার ছিঁড়ে পড়ায় সব মাছ মারা যায়।

দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের নতুন এই লাইনের খুঁটিগুলো বসানোর সময় সঠিক গভীরতা ও নিয়ম মানা হয়নি। খুঁটির গোড়ায় পর্যাপ্ত মাটি না থাকায় সামান্য ঝড়েই এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে তাঁরা দাবি করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং যানজট নিরসনে কাজ করছে। কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-পরিচালক মো. আক্তার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে ঘটনার পর দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন