নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
মঙ্গলবার (৫ মে ২০২৬) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে ইতালির রাষ্ট্রদূতের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপটে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়।
এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।