সুন্দরবনে ২০ জেলে ও মৌয়াল অপহরণ

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ণ
সুন্দরবনে ২০ জেলে ও মৌয়াল অপহরণ

মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সুন্দরবনের গহীনে আবারও দস্যুদের তাণ্ডব শুরু হয়েছে। আলিম ও নানাভাই ডন বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ২০ জন জেলে ও মৌয়ালকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার ও মঙ্গলবার (৪ ও ৫ মে) দুই দিনে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়।

ফিরে আসা জেলেরা জানান, সাতক্ষীরা রেঞ্জ থেকে পাস নিয়ে কাঁকড়া ধরতে গেলে অস্ত্রধারী দস্যুরা চুনকুড়ি, মালঞ্চ ও মামুন্দো নদীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের অপহরণ করে। অপহৃতদের মধ্যে ১৬ জনের পরিচয় পাওয়া গেছে; তাঁরা শ্যামনগর উপজেলার রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। উল্লেখযোগ্যরা হলেন— আল-আমিন, আবুল বাসার বাবু, শাহাজান গাজী, ইব্রাহিম গাজী এবং মুরশিদ আলম।

দস্যুরা অপহৃতদের মধ্যে কয়েকজনের পরিবারের কাছে ২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দস্যুরা দিন দিন আরও হিংস্র হয়ে উঠছে এবং তারা বন্যপ্রাণী শিকারের সঙ্গেও জড়িত। এর আগেও এই বাহিনীর বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ ছিল।

বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার ফজলুল হক অপহরণের খবর শুনেছেন বলে নিশ্চিত করেছেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, অপহৃতদের জীবনের ঝুঁকির আশঙ্কায় জেলেরা পুলিশকে তথ্য দিতে চান না, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন