জামায়াতে ইসলামীকে আফিম বলে মন্তব্য করলেন বরকতউল্লা বুলু

রাকিবুল হাসান
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
জামায়াতে ইসলামীকে আফিম বলে মন্তব্য করলেন বরকতউল্লা বুলু

নিজস্ব প্রতিনিধি: জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক কাঠামোর তীব্র সমালোচনা করে দলটিকে ‘আফিম’ এর সাথে তুলনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকতউল্লা বুলু। তিনি বলেছেন, “জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস। এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলেন—শুদ্ধ, অশুদ্ধ বা ভুল, কর্মীরা সেটাই অন্ধভাবে মানে। অথচ মওদুদির বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলামী করে না।”

মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ‘পৌরণবিবি-মুনসির হাট খাল’ খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে বরকতউল্লা বুলু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি বলেন, “তরুণ শরিফ ওসমান হাদিকে যারা নির্মমভাবে মেরেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এমন একটা টগবগে জাতীয়তাবাদী তরুণ নেতাকে হত্যা করা হলো। সাম্রাজ্যবাদীদের চক্রান্ত এবং যারা এই দেশে শূকরের মাংস আমদানির অনুমতি দিয়েছে, তদন্ত করলে তারাই হাদির হত্যাকারী হিসেবে বেরিয়ে আসবে।”

অতীতের রাজনৈতিক ইতিহাস টেনে বিএনপি নেতা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগমগঞ্জের রসুলপুর ও কাদিরপুরে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। কিন্তু মাঝখানে এরশাদ এসে তা বন্ধ করে দেন। বিগত ৩০-৩৫ বছর দেশে আর খাল কাটা হয়নি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই হতো না, বরং কয়েক লাখ টন খাদ্য বিদেশে রপ্তানি করতে পারত। আমাদের মাছ ও কৃষির কোনো অভাব হতো না।”

তিনি বর্তমান সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেন, “আমাদের নেতা তারেক রহমান দেশব্যাপী আবারও সেই ঐতিহ্যবাহী খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। বর্তমান সরকারের আড়াই মাসে আমরা যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছি, গত ১৭ বছরেও তা হয়নি। তারেক রহমানের নেতৃত্বেই দেশের এই অগ্রযাত্রা বজায় থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ গ্রাহক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন