শাহীন আহমেদ: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সকালে হোসেনপুর পৌরসভা সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে 'পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন' প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মহসি মাসনাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি পরামর্শক প্রতিষ্ঠান 'ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেড'-এর প্রতিনিধিগণ হোসেনপুরের দীর্ঘমেয়াদী অবকাঠামোগত উন্নয়নের কারিগরি দিক তুলে ধরেন। সভায় একটি বাসযোগ্য শহর গড়ে তোলার জন্য উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সুশৃঙ্খল রাস্তাঘাট এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া পৌরসভার প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিজ নিজ এলাকার সমস্যা ও সমাধান নিয়ে মতামত প্রদান করেন।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মহসি মাসনাদ বলেন, "হোসেনপুরকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্তর করা আমাদের লক্ষ্য। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিকল্পিত নগরী বাস্তবায়ন সম্ভব হবে।"
এ.আই.এল/সকালবেলা