নিজস্ব প্রতিবেদক: নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, “বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা মাঠপর্যায়ে সরকারের প্রতিচ্ছবি। তাঁরা রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ হিসেবে কাজ করেন।”
মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেলে বার্ষিক জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন দেশজুড়ে কর্মরত জেলা প্রশাসকরা। সুপ্রিম কোর্ট মিলনায়তনে এই বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, অনুষ্ঠানে প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগ ও মাঠ প্রশাসনের সমন্বয় নিয়ে কথা বলেন এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক সেবা পৌঁছে দিতে এবং আইনি শাসন সমুন্নত রাখতে ডিসিদের আরও তৎপর হওয়ার তাগিদ দেন।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।